মাঘের শীতের খুব ভোরের ঘন কুয়াশার মতো আবছা দৃষ্টি নিয়ে আবছার আলী তার বিবাহের সময় উপহার পাওয়া ইস্পাতের আলমারির সামনে এসে দাঁড়ালেন| গলায় ঝোলানো চাবির গোছা খুলে নিয়ে কাঁপা হাতে প্রথম চেষ্টাতেই চাবিটা জায়গামতো প্রবেশ করিয়ে আলমারির ডালাটা খুললেন| ডালার একটা ছোট কুঠুরি থেকে আরেকটা চাবি বের করে বাম দিকের দেরাজটা খুলে অতি যত্নে রাখা একটি পুরোনো চিঠি বের করলেন| চিঠির খামে প্রাপকের নামের জায়গায় তার স্ত্রী ইলোরা বেগমের নাম লেখা| চিঠির প্রেরক ছিলেন তার স্ত্রীর বিবাহ পূর্ব প্রেমিক নাওরা| হয়ত ছদ্ম নাম| তবে চিঠির “সোনাপাখি” সম্বোধনে স্পষ্ট বোঝা যায় যে চিঠিটা তার প্রেমিকের লেখা| এবং সবচেয়ে মজার বিষয় হলো, চিঠিটা বিলির দায়িত্ব ছিলো আবছার আলীর| তিনি ডাক বিভাগে ডাক হরকরার চাকরি করতেন|
টগবগে যুবক আবছার আলী| যে বয়সে মানুষ বাপের ঘাড়ে সওয়ার হয়ে রোমিও হয়ে পাড়া মাতায়, সেই বয়সেই তাকে অন্নের সন্ধানে মাঠে নামতে হয়েছিলো| নবম শ্রেণিতে এসেই লেখা পড়ায় যতি টানতে বাধ্য হন তিনি| কারণ আর কিছু না| তার বাবা ঈমান আলী আর সংসার টানতে পারছিলেন না| আবছার আলীর বাবার টাকা পয়সা আয় আমদানি ঠিকমতো না করতে পারলেও সন্তান আমদানির কমতি ছিলো না| ওরা ছিলো এগার ভাই বোন| সুতরাং বড় সন্তান হওয়ার আর জন্মের দায় শোধ করার কারণে আবছার আলীকে সব কিছু ছেড়ে আয়ের প্রতি মনোযোগী হতে হয়েছিলো| আর তাই চাকরির চেষ্টায় স্থানীয় ভাবে ডাক পিওন হিসাবে নিয়োগ পেয়ে যান| শুরু হয়ে তার ডাক হরকরার জীবন| বলে রাখা ভালো যে ডাক হরকরার চাকুরিতে তার কোন আপত্তি ছিলোনা| বরং সুকান্ত ভট্টাচার্জের “রানার” তাকে দারুনভাবে অনুপ্রাণিত করেছিলো| এতো অল্প শিক্ষায় সরকারি চাকরি! বাড়িতে থেকে নিজের মনমতো চাকরি তার জন্য যেন সোনায় সোহাগা|
বাবা অসুস্থ কর্মহীন, মা-ও চলৎশক্তিহীন হয়ে বিছানায়| সংসারে অচলাবস্থা| আবছার আলীকেই ঘরেরও সব কাজ করতে হয়ে, আবার চাকরি-ও সামাল দিতে হয়| ছোটবেলা থেকেই আবছার আলী আহলাদি ছিলেন না| অন্য আট দশটা বাপ/বেটার মতো তিনি কখনো বাপের কাঁধে চড়ে হিসু করার সুযোগ পাননি| কিংবা কোমরের কায়তুনে (কালো সুতা) ঘণ্টা বেঁধে উলঙ্গ দৌড় বা পাড়ভাঙ্গা নদিতে-ও ঝাঁপ দিয়ে পড়ার সুযোগ পাননি| সুতরাং আবছার আলীর রসহীন জীবন, কাটা ঘুড়ির মতো বাতাসে এদিক ওদিক দোলতে দোলতে সামনে এগিয়ে যেতে থাকলো|
খোঁড়া জীবন| আধা কাঁচড়া সংসার| সবদিক সামাল দিতে আবছার আলীর নিজের ঘণ্টা বাজতে শুরু করলো| বাড়িতে একজন নেতৃস্থানীয় কামওয়ালি প্রয়োজন হয়ে দাড়ালো| কারণ ওর বোনেরা কাজে পরিপক্ক হলেও, নেতৃত্বে না| কিন্তু অতো আয় কোথায় যে বেতন দিয়ে কামওয়ালি পুষবে| সুতরাং এমন একটা ব্যবস্থা করতে হবে যেন এক খরচে দশ কাজ| "সাপ-ও মরে, আর লাঠি যেন ঠিক থাকে|" কিন্তু একজন রানারের আয় কত? কে তাকে কনে দেবে! তবুও খোঁজ শুরু হলো| এবং ওদের গ্রামের পশ্চিম পাড়ার মেয়ে ইলোরার খোঁজ পাওয়া গেল| হাই স্কুল বোর্ড পাশ করা| কিন্তু প্রেমিকের হাত ধরে একবার ঘর পালানো ফিরে আশা মেয়ে, বিয়ের বাজারে বড় যৌতুক ছাড়া অচল| মেয়ের পরিবার তেমন সম্পদশালী না যে বড় ক্ষতিপূরণ দিয়ে মেয়ের একটা ব্যবস্থা করবে| সুতরাং মেয়ের পরিবার যেন আকাশের চাঁদ হাতে পেলো| পাত্রের গাত্র, শিক্ষা বা বংশ পরিচয় যে রং বা বর্ণেরই হোক, পাত্র হাতছাড়া করা যাবে না| ইলোরার অহমে আঘাত লাগলেও বাড়ির লোকজনের খোঁটার মিসাইল তার প্রতিবাদকে জীবন পেতে দিলোনা| সুতরাং এক সন্ধ্যায়, হেজাগ বাতির আলোতে, মসজিদের ইমাম, এলাকার মাতুব্বর, উঠতি বয়সি যুবক নেতা ও দুই পরিবারের উপস্থিতিতে আবছার আর ইলোরার শুভবিবাহ সম্পন্ন হয়ে গেলো|
বিয়ের পর প্রথম কয়েকটা বছর ইলোরা বুঝতেই পারেনি, সংসার নামের জিনিসটার আসল অর্থ কী| আবছার মানুষটা খারাপ ছিলেন না| বরং ভালোই| তবে তার ভালোবাসারও যেন একটা সরকারি দপ্তর ছিলো—সময়মতো খুলতো, সময়মতো বন্ধ হতো| ডাক বিলি, সংসারের হিসাব, বাবার ওষুধ, মায়ের পথ্য, ছোট ভাইবোনের পড়াশোনা—সবকিছু মিলিয়ে তার জীবনটা এমন ছিলো| যেখানে ভালোবাসার জন্য আলাদা কোনো কলাম রাখা হয়নি| এতো কিছুর পরও একটা চিঠির কথা তাকে সব সময় সচেতন করে রাখতো|
বিয়ের পর বছর যায় কিন্তু সন্তানের দেখা নেই| আবছার আলীর নিকট বিষয়টা নৈমিত্তিক জীবনের মতো| তার কাছে বিষয়টি দুঃখের চেয়ে হিসাবের বেশি| এগার ভাইবোনের সংসারে এটা বরং স্বস্তির| কিন্তু প্রতিবেশীদের মোটেই স্বস্তির ভাব ছিলো না| তাদর কাছে ইঙ্গিতে আকারে অনেক গল্প, আড়ালে আবডালে ফিসফিস| সমাজের মুখ বন্ধ করার কোনো বিদ্যা তার জানা ছিল না| ইলোরার নিজের ভেতরে একটা শূন্যতা কাজ করতো| তবে শূন্যতার মাঝেও যে শব্দ আছে, আর সেই শব্দ-তো শুধু নারীরাই শুনতে পায়|
মন ভোলানো বর্ষার ঝুমুরঝুমুর সুরে খবরটা এলো| ইলোরা সন্তানসম্ভবা| যে প্রতিবেশীরা এতদিন ইলোরার গর্ভের হিসাব নিয়ে অস্থির ছিল, তারাই এখন ইলোরার সন্তানের লিঙ্গ নির্ধারণে এবং গায়ের রঙ নিয়ে ভবিষ্যত বক্তা হয়ে গেল| তার সমাজে এতো কিছু হচ্ছে কিন্তু আবছার আলী চুপচাপ প্রতিক্রিয়াহীন| তার রহস্যময় হাসি হয়ত আনন্দের কিংবা বিষাদের|
সময় এগিয়ে গেলো| আবছার আলী পুত্র সন্তানের বাবা হলেন| ছেলেকে দোয়া করলেন, ‘মানুষ হইস| নিজের চেয়ে অন্যের কষ্টটা আগে বুঝতে শিখবি|’ কিন্তু একটা সমস্যা প্রকট হলো, আবছার আলী যখনই মা ও ছেলেকে একত্রে দেখতেন, একটি চিঠি তার চোখের সামনে ভেসে উঠতো!
ইলোরাও মাঝে মাঝে ছেলেটার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে চুপ হয়ে যেতো| সেই সময় তার চোখে এমন কিছু থাকতো, যার ভাষা আবছার আলী পড়তে পছন্দ করতেন না, অথবা পড়তে চাইতেন না| জীবন তবুও এগিয়ে যেতে থাকলো|
ডাক হরকরা আবছার আলী চিঠি নিয়েই যার কাজ কারবার তিনি ধীরে ধীরে এলাকার পরিচিত মানুষ হয়ে উঠলেন| মানুষের সুখের চিঠি তিনি পৌঁছে দিয়েছেন, দুঃখের চিঠিও| চাকরির নিয়োগপত্র, প্রেমপত্র, তালাকের নোটিশ, বিদেশ যাওয়ার কাগজ, মৃত্যুসংবাদ মানুষের জীবনের যত রকম খবর আছে, সবই তার হাত দিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতো| কিন্তু নিজের ঘরের যে চিঠিটা তাকে ঝড়ের এলান দিলো, তাকে তিনি এড়িয়ে যেতেন|
ইলোরাও সময়ের সঙ্গে সঙ্গে নীরব হতে থাকলো|
টানাটানির পালভরা সংসার, অপুষ্টি আর অবহেলায় নীরবে ভেতরে ক্ষয় বাসা বাঁধলো| এবং একদিন তাকেই সঙ্গী করে সে বিদায় নিলো| মানুষের যখন নাম থাকে তখন সে আদর যত্ন সবই পায়| কিন্তু যখন তার দেহ কমন নাম “লাশ” এ পরিবর্তিত হয় তখন তার মর্যাদার এবং স্থানের পরিবর্তন ঘটে| বাড়ির উঠানে তখন শীতের কুয়াশা| আবছার আলী উঠোনের খাটিয়ায় চাদরে ঢাকা তার স্ত্রীর নিথর দেহের দিকে তাকিয়ে থাকলেন| কেউ তার চোখে লোনা দেখেনি| তবে তার ভেতরে কষ্টের লাভা থেকে থেকে উতলে উঠতে চাইছিলো|
স্ত্রীর শেষ কাজ শেষ করে তিনি আবারো আলমারিটা খুললেন| চিঠিটা হাতে নিলেন| বহু বছর থেকে যে চিঠিটা তার প্রাপকের আশায় ছিলো| যার প্রেরক ছিলো নাওরা|
বহুবারের মতো আবছার আলী আবার চিঠিটা খুললেন| চিঠির কাগজের বয়স হয়েছে, কালির রং ফিকে| তিনি প্রথম কয়েকটি লাইন পড়ে থেমে গেলেন| গভির ভাবে শ্বাস নিলেন, তারপর আবার পড়লেন| আরও একবার| বারবার, তারপর খোলা জানালার পাশে গিয়ে দাঁড়ালেন| বাইরে তখন রহস্যঘেরা কুয়াশা| চিঠির কয়েকটি শব্দ তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল| একই সাথে শিশুটির কথা| একটি প্রতিশ্রুতির কথা| এবং একটি অপেক্ষার কথা| আর এমন কিছু কথা, যা সরাসরি কোনো স্বীকারোক্তি নয়, কিন্তু একজন মানুষকে নিজের দীর্ঘ জীবনের প্রতিটি দিনের দিকে নতুন করে তাকাতে বাধ্য করার জন্য যথেষ্ট|
একদৃষ্টে ক্ষয় যাওয়া অক্ষরের দিকে তাকিয়ে থেকে তিনি আবারো চিঠিটা ভাঁজ করে রেখে দিলেন| চিঠিটা তার জীবনে ধ্রুব হয়ে রইল| তিনি এমন এক সত্যকে নিজের কাছে রেখে দিলেন কারণ হয়তো তিনি জানতেন কিছু চিঠি বিলি করার জন্য আসে না| কিছু চিঠি মানুষের বুকের ভেতর ডাকঘর হয়ে বসে থাকে|
ইলোরা মারা যাওয়ার অনেক বছর পর, যখন ছেলেটা পড়াশোনা শেষ করে বিদেশে চলে গেল| আবছার আলীর মনে হলো মিথ্যাকে মুকুট বানিয়ে কী লাভ| এতে নিজেও প্রতারিত হওয়া, আবার সেই সন্তানকে প্রতারিত করা|
ছেলেকে বিদেশ পাঠিয়ে আবছার আলী নিজেকে যেন বাঁচাতে চেয়েছিলেন| সত্য থেকে নিজেকে লুকোতে চেয়েছিলেন! কিন্তু সত্য যখন নিজেই মুখোমুখি হতে চায়, কে ঠেকাবে তাকে! তাইতো ছেলের কাছ থেকে ফোন পেলেন, সে দেশে আসছে| ‘বাবা আমি দেশে আসছি|’
বাবা নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, ‘আয়’ এই বাক্যের মধ্যে আবছার আলী জমে যেতে থাকেন| কিন্তু তিনি কী সত্যিই মন থেকে কথাটা বললেন! তিনি চাননা সে আসুক| কারণ একটি চিঠি, যার প্রেরক এমন একজন মানুষ, যার অস্তিত্ব তার নিজের জন্মের ইতিহাসের সঙ্গে অদৃশ্য সুতোয় বাঁধা|
সেই রাতে তিনি আবার আলমারি খুলে বসলেন|
গোপন কুঠুরি থেকে চিঠিটা বের করলেন| এবং অনেকক্ষণ হাতে নিয়ে বসে থাকলেন| তিনি নিজের কথায় সন্তানের বিশ্বাসকে ভাঙ্গতে চান না| তারপর চিঠিটা একটা খামে ভরে ছেলের বিদেশের ঠিকানায় পাঠিয়ে দিলেন| সঙ্গে এক লাইনের ছোট্ট একটি চিরকুট| “তোর মায়ের নামে আসা একটা চিঠি| তোর জানার অধিকার আছে|”
বেশ কয়েকদিন পর ছেলে ফোন করলো|
আবছার আলী ফোনটা ধরলেন| ওপাশে তখন সব কিছু নীরব|
তারপর হঠাৎ যেন শব্দের বোমা ফাটলো.. বাবা...
“হুম”
তুমি চিঠিটা এতোদিন কেন রেখে দিয়েছিলে!
এপাশে নীরবতা|
আবারো প্রশ্ন, তুমি কি সব জানতে? এ সত্যটা উম্মোচন করা কী সত্যিই জরুরী ছিলো!
আবছার আলী চোখ বন্ধ করলেন, বেশ কিছুক্ষণ পর ধিরে ধিরে বললেন, ‘সব মানুষ সবকিছু জানে না রে| কিছু মানুষ শুধু কিছু সত্যের পাহারাদার হয়ে বাঁচে| হয়ত আমিও তাই|’
আমি কি তোমার ছেলে না? প্রশ্নটা শুনে আবছার আলী দীর্ঘশ্বাস ফেললেন|
তারপর বললেন, তুই আমার ছেলে কি না, এই হিসাবটা না হয়ে তুই করিস| কিন্তু আমি তো তোকে বুকে রেখেই মানুষ করেছি|
ওপাশে কান্নার শব্দ|
আবছার আলী চুপচাপ| কারণ তার কাছে কোনো জবাব ছিলো না|
পরদিন সকালে অভ্যাস মত আবছার আলী আবার আলমারির সামনে দাঁড়ালেন| সেই পুরোনো ইস্পাতের আলমারি| বিয়ের সময় পাওয়া| যার এখন ঐতিহাসিক জং ধরা হাতল| আর ভেতরের ছোট কুঠুরি| কিন্তু খালি| চিঠিটা নেই| হঠাৎ তার নিজেকে প্রচুর হালকা মনে হলো| তার মনে হলো যেন তিনি এখন জীবনের সবচেয়ে ভারী জিনিসটা থেকে মুক্ত|
আবছার আলী মুক্ত জানালার পাশে গিয়ে দাঁড়ালেন| বাইরে তখন মাঘের ভোর| ঘন কুয়াশায় গাছপালা, রাস্তা, মানুষ সব আবছা| তিনি অজান্তে নিজের হাতের দিকে তাকালেন| এই হাত দিয়ে তিনি কত চিঠি পৌঁছে দিয়েছেন! দরজার চৌকাঠে দাঁড়িয়ে মনে মনে বললেন, "ইলোরা, তোমার কাছে চিঠিটা পৌঁছাতে পারিনি| কিন্তু তোমার ছেলের কাছে ঠিকই পৌঁছে দিয়েছি|"
তারপর তিনি কুয়াশার মধ্যে বেরিয়ে গেলেন| পেছনে পড়ে রইলো পুরোনো ইস্পাতের আলমারি| খোলা, খালি এবং স্মৃতিময়| যেন বহু বছরের একটি গুরুত্বপূর্ণ ডাকঘর অবশেষে বন্ধ ঘোষণা করা হলো|